Collector
ইত্যাদি দেখতে যাওয়া শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি | Collector
ইত্যাদি দেখতে যাওয়া শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি
Jagonews24

ইত্যাদি দেখতে যাওয়া শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি

বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আসন্ন পর্ব ধারণ করা হয়েছে নরসিংদীর রায়পুরায়। আয়োজন ঘিরে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় ঠেলাঠেলি ও হট্টগোলের সুযোগে কয়েকজন সাংবাদিকসহ শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠান শুরু হয়। তবে শুরুর আগেই দর্শকদের প্রবেশ ঘিরে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভুক্তভোগীদের অভিযোগ, অনুষ্ঠানে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও অব্যবস্থাপনার কারণে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের তীব্র ঠেলাঠেলির মধ্য দিয়ে ভেতরে যেতে হয়েছে। এই বিশৃঙ্খলার সুযোগে সংঘবদ্ধ চক্র মোবাইল ফোন চুরি করে নেয়। এছাড়া, বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন হাজার অতিথির জন্য আসনের ব্যবস্থা থাকলেও কয়েক হাজার অতিরিক্ত ব্যক্তি অনধিকার প্রবেশ করেন। এতে প্রধান ফটকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকে পুলিশি বাধা উপেক্ষা করে দেয়াল টপকে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকলেও তারা কার্যকর ভূমিকা রাখতে পারেননি। অনুষ্ঠানস্থলে উপস্থিত সাংবাদিক আসাদুজ্জামান রিপন বলেন, ‘প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে হট্টগোল সৃষ্টি হয়। আমি ভেতরে প্রবেশের পর বুঝতে পারি আমার মোবাইল ফোনটি নেই। পরে পুলিশকে বিষয়টি জানিয়ে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করি। এসময় ছয়জন সাংবাদিক, একজন জেলা প্রশাসনের কর্মচারীসহ ৪০ থেকে ৪৫ জন মোবাইল চুরির অভিযোগ জানান। কিন্তু পুলিশের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি।’ আমন্ত্রিত অতিথি আশরাফুল ইসলাম সবুজ বলেন, ‘অনুষ্ঠানে শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। টিকিট বা পাস ছাড়াই হাজার হাজার মানুষ প্রবেশ করেছে। প্রধান ফটক ভেঙে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা দেখা যায়নি।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ‘ইত্যাদি অনুষ্ঠান উপভোগ করতে জেলা ও জেলার বাইরে থেকে হাজার হাজার মানুষ এসেছেন। তাদের সঙ্গে হয়তো চোরও এসেছে। বেশ কয়েকজনের মোবাইল হারানোর বিষয়টি জেনেছি। থানায় অভিযোগ করলে ফোন উদ্ধারের চেষ্টা করা হবে।’ এসএসএ/একিউএফ

Go to News Site