Jagonews24
ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাসের সঙ্গে স্থানীয় যান নছিমনের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপা উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসচালক আবদুস সালাম রনি ও তার এক সহকারী আহত হয়েছেন। আহত সহকারীকে এলাকাবাসী মারধর করেছেন বলেও জানা গেছে। নিহত নছিমনচালকের নাম ইমরান হোসেন (৩০)। তিনি শৈলকূপার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান শেখপাড়া থেকে নছিমন নিয়ে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ইবির ‘মুক্ত বাংলা’ বাসটি একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নছিমনটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ইমরান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ট্রেজারারসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় নিহতের দাফনের জন্য তাৎক্ষণিকভাবে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এদিকে, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটি গঠন করেছে। এর আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা করবে। পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তদারকি করছেন। ইবি প্রক্টর ড. শাহিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা তাৎক্ষণিক সহযোগিতা করেছি। পরবর্তীতে উপাচার্য পরিবারের সঙ্গে আলোচনা করে এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন।’ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। আইইউ/একিউএফ
Go to News Site