Jagonews24
খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের ১৭ শিক্ষার্থী। বুধবার (১২ মে) সন্ধ্যায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা চিকিৎসক শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষার অংশ হিসেবে পাবনা মানসিক হাসপাতাল সফরে যান। সেখানে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী হঠাৎ বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব করেন। পরে একে একে মোট ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, ‘সন্ধ্যায় ১৭ শিক্ষার্থী ভর্তি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ও গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ভর্তি করা হয়েছে। অবস্থা স্থিতিশীল আছে।’ রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের অধ্যক্ষ আহানারা বেগম বলেন, ‘ভিজিটে গিয়ে খাবার খাওয়ার পর কিছু শিক্ষার্থী অসুস্থ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের শিক্ষক ও ছাত্রছাত্রীরা আছেন। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ এমওএইচএম/একিউএফ
Go to News Site