Collector
পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের বিষয়ে বড় সিদ্ধান্ত থাইল্যান্ডের | Collector
পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের বিষয়ে বড় সিদ্ধান্ত থাইল্যান্ডের
Somoy TV

পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের বিষয়ে বড় সিদ্ধান্ত থাইল্যান্ডের

থাইল্যান্ডে বিদেশি নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।গেল মঙ্গলবার (১৯ মে) সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের ৯০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য এই সুবিধা কমানো হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির অর্থনীতি মূলত পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও কোভিড-১৯ মহামারির পর পর্যটকদের আগমন এখনও আগের অবস্থায় ফিরে আসেনি। এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্বার্থের চেয়ে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকেই বেশি প্রাধান্য দিচ্ছে থাই প্রশাসন। সম্প্রতি থাইল্যান্ডে বিদেশি নাগরিকদের জড়িয়ে বেশ কিছু বড় অপরাধের ঘটনা ও গ্রেফতারের খবর সামনে এসেছে। এর মধ্যে মাদক পাচার ও মানব পাচারের মতো গুরুতর অপরাধের পাশাপাশি বৈধ পারমিট ছাড়া হোটেল ও স্কুল পরিচালনার মতো অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে। মূলত এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের লাগাম টানতেই থাই ক্যাবিনেট এই কঠোর পদক্ষেপের অনুমোদন দিয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির পর্যটনমন্ত্রী সুরাসাক পাঞ্চারোয়েনওরাকুল। আরও পড়ুন: জাপানে মুসলিম পর্যটকদের জন্য নতুন উদ্যোগ: তৈরি হলো বহনযোগ্য নামাজ কক্ষ বর্তমান নিয়ম অনুযায়ী, ইউরোপের ২৯টি শেনজেনভুক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশসহ ৯০টিরও বেশি দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই থাইল্যান্ডে সর্বোচ্চ ৬০ দিন অবস্থানের সুযোগ পেতেন। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ভিসামুক্ত অবস্থানের মেয়াদ দেশভেদে নির্ধারণ করা হবে। এর ফলে অধিকাংশ দেশের পর্যটকরা সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবেন এবং কিছু দেশের ক্ষেত্রে এই মেয়াদ মাত্র ১৫ দিনে নামিয়ে আনা হতে পারে। যদিও থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকরা চাইলে ইমিগ্রেশন অফিসে গিয়ে একবারের জন্য এই ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আগে ৬০ দিনের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে দেয়া হলেও, এখন মেয়াদ বাড়ানোর বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে ইমিগ্রেশন কর্মকর্তাদের ওপর এবং পর্যটকদের অবশ্যই উপযুক্ত কারণ দেখাতে হবে। দেশটির পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় স্পষ্ট করেছে, নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে নয়, যারা ভিসা ব্যবস্থার অপব্যবহার করে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে শুধুমাত্র তাদের দমনের জন্যই এই ব্যবস্থা।

Go to News Site