Collector
ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে জবির বিশেষ বাস সার্ভিস | Collector
ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে জবির বিশেষ বাস সার্ভিস
Jagonews24

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে জবির বিশেষ বাস সার্ভিস

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত নির্ধারিত রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নিজস্ব বাস চলাচল করবে। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল করবে। এসব বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করবে এবং নির্ধারিত বিভিন্ন স্টপেজে শিক্ষার্থীদের নামিয়ে দেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শনপূর্বক বাসে উঠতে হবে। ঈদযাত্রায় অতিরিক্ত ভোগান্তি কমাতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, অনেক শিক্ষার্থী আর্থিক ও পরিবহন সংকটের কারণে ঈদযাত্রায় সমস্যায় পড়েন। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করেছি। আশা করছি শিক্ষার্থীরা উপকৃত হবে। পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, প্রতিটি রুটে শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করেই বাসের সময়সূচি ও গন্তব্য নির্ধারণ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন যাত্রাপথে শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে। এই বিশেষ বাস সার্ভিস তারই অংশ। টিএইচকিউ/ইএ

Go to News Site