Somoy TV
যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) ভোরে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, মিম গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর আজ ভোরে বাড়ির অদূরে বেনাপোল মহাসড়কের পাশের বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আরও পড়ুন: বগুড়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা ওসি আরও জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ পাওয়া গেছে। আঘাতের কারণে মাথার ঘিলু বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নৃশংস এই হত্যাকাণ্ড দেখে মনে হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়। ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক তদন্ত চলছে। এদিকে নিহত মিমের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। এরপর একাধিকবার ফোন করা হলেও মিম আর কল রিসিভ করেননি। নিলা খাতুনের দাবি, মিমের বন্ধুদের সঙ্গে তার শত্রুতা ছিল এবং তারাই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।
Go to News Site