Collector
ইবোলার ভয়ে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করলো কঙ্গো | Collector
ইবোলার ভয়ে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করলো কঙ্গো
Jagonews24

ইবোলার ভয়ে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করলো কঙ্গো

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ প্রস্তুতির তিন দিনের ট্রেনিং ক্যাম্প বাতিল করেছে কঙ্গো। বাতিল করা হয়েছে রাজধানী কিনশাসায় সমর্থকদের বিদায়ী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে বিরল ধরনের বান্ডিবুগিও ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং প্রায় ৬০০ জনের আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সেই পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কঙ্গোর। প্রস্তুতি ম্যাচ দুটি যথা সময়েই অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনে চিলির বিপক্ষে মাঠে নামবে তারা। দলের মুখপাত্র জেরি কালেমো বলেন, ‘প্রস্তুতির তিনটি ধাপ ছিল। প্রথমে কিনশাসায় সমর্থকদের বিদায় জানানো, এরপর বেলজিয়াম ও স্পেনে দুটি প্রীতি ম্যাচ এবং শেষ ধাপ ১১ জুন থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। শুধুমাত্র কিনশাসার পর্বটি বাতিল করা হয়েছে।’ কঙ্গো দলের অধিকাংশ ফুটবলার ও ফরাসি কোচ সেবাস্তিয়াঁ দেসাব্রে দেশের বাইরে অবস্থান করছেন। বেশিরভাগ খেলোয়াড়ই ফ্রান্সে খেলেন। এদিকে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কঙ্গো ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে দলটি প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা পায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আসা বিদেশি নাগরিকদের ওপর ৩০ দিনের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে, যদি তারা গত তিন সপ্তাহে ওই দেশগুলোতে অবস্থান করে থাকেন। তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গো বিশ্বকাপ দল এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কারণ তারা গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপে অনুশীলন করছে। তবে যেসব কর্মকর্তা বা প্রতিনিধি সম্প্রতি কঙ্গো সফর করেছেন, তাদের ক্ষেত্রে কোয়ারেন্টিন নিয়ম প্রযোজ্য হতে পারে। কঙ্গোর সমর্থকদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে। বিশ্বকাপে গ্রুপ ‘কে’তে থাকা কঙ্গো ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়া এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে দলটি। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কঙ্গো, তখন দেশটি জায়ার নামে পরিচিত ছিল। দীর্ঘ সংঘাত ও সংকটে জর্জরিত দেশটিতে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর আনন্দের বন্যা বয়ে যায়। আইএন

Go to News Site