Somoy TV
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক শান মাসুদ। সিরিজ হারের কারণে ঝুঁকির মুখে পড়েছে তার অধিনায়কত্ব। দেশটির সংবাদমাধ্যমের দাবি, জাতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে নাকি আলোচনা শুরু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সিনিয়র রিপোর্টার সোহাইল ইমরান জানিয়েছেন, বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। পাকিস্তানের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সম্ভাব্য নতুন অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।আগামী ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। কুইন্স পার্ক ওভাল এবং ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ম্যাচগুলো হওয়ার কথা। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি।২০২৩ সালে অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের লাল বলের অধিনায়ক হিসেবে নিয়োগ পান শান মাসুদ। তবে তার নেতৃত্বের শুরুটাই হয়েছিল হতাশাজনকভাবে, অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তার দল। আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের দুই তারকাএ পর্যন্ত তিনি পাকিস্তানকে ১৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় এসেছে মাত্র ৪টিতে, আর হার ১২টিতে। তার জয়ের হার মাত্র ২৫ শতাংশ।সিলেটে ম্যাচের সকালের সেশনে বাংলাদেশের বোলাররা পাকিস্তানের শেষ তিন উইকেট তুলে নিয়ে ৭৮ রানের দাপুটে জয় নিশ্চিত করে। ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৯৭.২ ওভারে ৩৫৮ রানে অলআউট হয়ে যায়।পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান লড়াই করেন। তিনি ১৬৬ বলে ১০টি চারসহ ৯৪ রান করেন। এছাড়া সাজিদ খান ৩৬ বলে ৫টি চার মেরে দ্রুত ২৮ রান যোগ করেন।বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার তাইজুল ইসলাম। তিনি ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এছাড়া নাহিদ রানা নেন ২টি উইকেট। আর শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট তুলে নেন।
Go to News Site