Somoy TV
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে ১১ জন আরোহীসহ একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখীর চর এলাকায় যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভাণ্ডারবাড়ী গ্রাম থেকে যমুনা নদীর ভেতরের বৈশাখীর চরে নৌকাযোগে ভুট্টা তুলতে গিয়েছিলেন ১০ নারী। নৌকায় একমাত্র পুরুষ ছিলেন মাঝি। ভুট্টা তুলে ফেরার পথে নৌকাটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ১১ জন আরোহীই নদীতে তলিয়ে যান। আরও পড়ুন: উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা-যমুনার তীরে ভাঙন তবে আরোহীদের সাঁতার জানা থাকায় এবং স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় নদী থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে উদ্ধারকাজে অংশ নেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরিরাও। এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল্লাহ নিজামী বলেন, ‘১১ জনের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ওই ব্যক্তির সন্ধানে ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।’
Go to News Site