Jagonews24
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে এ তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশনের (বিষয় পরিবর্তন) ফলও প্রকাশ করা হয়েছে। এর আগে বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেল থেকে ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের সময় জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab-এ গিয়ে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লিংকে গিয়ে এপ্লিকেন্ট আইডি ও পিন নাম্বার দিয়ে ফলাফল দেখা যাবে। এতে আরও বলা হয়, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকে, তবে তাকে অবশ্যই আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে। এদিকে ঘোষিত সময়সূচি অনুযায়ী- দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৩-১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ৪-১৩ জুন পর্যন্ত কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার ১৩০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ৪-১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। পরে ১৫-২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলোকে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এএএইচ/এমআইএইচএস
Go to News Site