Jagonews24
রাজধানীর কামরাঙ্গীরচরে এসি লাগানোর সময় ছয়তলা ভবন থেকে নিচে পড়ে মো. রবিউল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দুপুর দেড়টার দিকে রবিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রবিউলকে হাসপাতালে নিয়ে আসা মামাতো ভাই মো. রাহাত জানান, রবিউল পেশায় এসি মিস্ত্রি। বৃহস্পতিবার কামরাঙ্গীরচরের নবীনগর এলাকার একটি ভবনের ছয়তলার বাইরের অংশে এসির কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, রবিউল চাঁদপুরের হাজিগঞ্জ থানার কাশিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের আবু সাঈদ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমএমকে
Go to News Site