Jagonews24
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় বৃষ্টি উপেক্ষা করে নগরীর আনন্দ মোহন কলেজের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে ধর্ষণ ও হত্যার বিচার আটকে থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুই দশকে ৩০ হাজারের বেশি ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে। আইনে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও অধিকাংশ মামলা বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। অনেক ক্ষেত্রে আসামিরা জামিনে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়িয়ে দিচ্ছে। বক্তারা আরও বলেন, রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। অবিলম্বে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। হোসাইন সুলভ/এএইচ/এএসএম
Go to News Site