Collector
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন | Collector
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন
Somoy TV

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা এবং ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন পয়েন্ট পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঈদের আগে সাত দিন ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করে সরকার। ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা থাকবে। গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আরও পড়ুন: ঈদযাত্রার প্রস্তুতি: রেলের বগি মেরামতে কর্মব্যস্ততা পাহাড়তলী ওয়ার্কশপে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও জরুরি কিছু সেবা এই নির্দেশনার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ; ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম; টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা; পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এসব কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও সরঞ্জাম পরিবহনকারী যানবাহন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে উচ্চ আদালত ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিকনির্দেশনা প্রদান করবে। বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এবং কল-কারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Go to News Site