Collector
দুয়ারে বিশ্বকাপ: কাটেনি বাংলাদেশে খেলা দেখার অনিশ্চয়তা | Collector
দুয়ারে বিশ্বকাপ: কাটেনি বাংলাদেশে খেলা দেখার অনিশ্চয়তা
Jagonews24

দুয়ারে বিশ্বকাপ: কাটেনি বাংলাদেশে খেলা দেখার অনিশ্চয়তা

ঢাকার রামপুরা থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান সকাল সকাল ফোন দিয়ে জানতে চাইলেন বিশ্বকাপ ফুটবল কি বাংলাদেশে দেখা যাবে এবার? দেখা যাবে কি যাবে না তার ঠিকঠাক জবাব নেই কারো কাছেই। কারণ, এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো চ্যানেল বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি। প্রতিনিয়তই মানুষ জানতে চাচ্ছেন বিশ্বকাপ ফুটবল দেখা যাবে কিনা। ফুটবল ভক্তদের আশ্বস্ত করার কোনো খবরই যে নেই কোথাও! ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাচ্ছে ৪৮ দলের ঐতিহাসিক ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২০দিন। বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য এবারের আসর ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। খেলা দেখতে পারবে কি পারবে না- সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। টিভিতে খেলা দেখতে না পারলে বিশ্বকাপ নিয়ে সব আয়োজনই যে মাটি হয়ে যাবে! দেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে না পারায় ফুটবল ভক্তদের উৎকন্ঠা বাড়ছে। তাহলে বাংলাদেশে কি বিশ্বকাপ ফুটবল ব্লাকআউট থাকছে? বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এমন আশঙ্কা কেন তৈরি হয়েছে? ২০২২ বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনে বড় ধরনের লোকসান নাকি হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের। এবার ফিফার কাছ থেকে বাংলাদেশের জন্য সম্প্রচার স্বত্ব কিনেছে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি স্প্রিংবক। বাফুফের একটি সূত্র বলেছে, সিঙ্গাপুরের এই কোম্পানি বাংলাদেশ টেলিভিশনের কাছে দেড়শত কোটি টাকার মতো দাবি করেছে। ট্যাক্স, ভ্যাটসহ মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ২০০ কোটি টাকার মতো। টাকার পরিমাণ অনেক বেশি বলে বিটিভি ও অন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে না। একটি সূত্র জানিয়েছে, ২০২২ বিশ্বকাপ সম্প্রচার করতে গিয়ে বাংলাদেশ টেলিভিশনের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। অনিয়মের অভিযোগও ছিল। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত টাকা বরাদ্দ করা চ্যালেঞ্জিং। এ বছর বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচি বাংলাদেশ দর্শকদের জন্য মধ্যরাত ও ভোররাতে হওয়ায় টিভিতে খেলা দেখার মানুষ কম হতে পারে। তাহল বিজ্ঞাপন থেকে আয় কম হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যেই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। কিভাবে সম্প্রচার জটিলত দূর করা যায় তার জন্য একটি কমিটি করে দায়িত্বও দেওয়া হয়েছে। এই কমিটিতে বাফুফের প্রতিনিধিও আছেন। সূত্র মতে, এই কমিটিকে স্প্রিংবকের সাথে দরকষাকষির দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেশের একটি বেসরকারি চ্যানেলের এক উর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেছন, দর্শকদের আশ্বস্ত করার মতো কোনো খবর এখনো নেই তাদের কাছে। অসমর্থিত একটি সূত্র দাবি করছে, বাংলাদেশ টেলিভিশন সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, যেন বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে জটিলতা কিছুটা কমিয়ে আনা যায়। তবে এ ব্যাপারে নতুন কোনো আপডেট আছে কি না, তা জানাতে পারেনি সূত্রটি। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে কোনো খবর নেই। আমাদের সভাপতিকে (তাবিথ আউয়াল)রাখা হয়েছে মন্ত্রণালয় গঠিত কমিটিতে। কোনো আপডেট থাকলে তিনি জানবেন।’ আরআই/আইএইচএস/

Go to News Site