Jagonews24
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেনকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ জুন শুনানির দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন। এদিন মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত ছিল। শুনানির জন্য কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে আবেদন জানিয়ে বলেন, মামলার এক আসামি বদিউল আলম বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকায় তাকে এ মামলায় হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদনও করা হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণের পাশাপাশি হাজতি পরোয়ানা জারির নির্দেশ দেন। সকাল সাড়ে ৯টার দিকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয় সাবেক প্রতিমন্ত্রী পলককে। আদালতে নামানোর পর সাংবাদিকদের উদ্দেশে তিনি জানান, তিনি হাসপাতালে থেকে এসেছেন এবং দোয়া চান। তবে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে তা তিনি জানাননি। আরও পড়ুনআমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার সম্ভব বুলেটপ্রুফ জ্যাকেট পরা সালমান বললেন ‘গরমে মরেই যাবো’, দোয়া চাইলেন পলক মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক হোসেনের মৃত্যু হয়, এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামের আরও দুজন আহত হন। পরে নিহত হোসেনের মা রীনা বেগম ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান শেখ হাসিনাসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন গত ২৩ নভেম্বর। এরপর ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে মামলার ২০ জন আসামি পলাতক রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। অন্যদিকে কারাগারে থাকা চারজন আসামিকে নিয়েই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আদালত জানিয়েছে, পরবর্তী শুনানিতে অভিযোগ গঠনের বিষয়ে অগ্রগতি নির্ধারণ করা হবে। এমডিএএ/কেএসআর
Go to News Site