Somoy TV
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি গরুবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপে থাকা কোরবানির একটি গরুর মৃত্যু হয়েছে এবং চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (২১ মে) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি ধীর থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মুকুন্দপুর রেলগেট এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় কোরবানির গরুবাহী একটি পিকআপ ভ্যান রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নয়, ছুরিকাঘাতে খুন হন ব্রাহ্মণবাড়িয়ার জাহানার ওসি আরও জানান, এ ঘটনায় পিকআপ চালক শান্ত মিয়া (২৩) আহত হয়েছেন। তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি সরিয়ে নেয়ার পর অন্তত ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
Go to News Site