Jagonews24
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন ও বিনোদনের লক্ষ্যে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা উদ্বোধন করা হয়েছে। এটি বরিশালবাসীর জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি ‘ঈদ উপহার’ বলে জানিয়েছেন বিসিসির প্রশাসক। বুধবার (২০ মে) রাতে নগরীর প্রাণকেন্দ্র চৌমাথা লেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোয়ারাটির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ফোয়ারাটি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার মেহেদী হাসান জানান, মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা হিসেবে এটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এর আগে প্রথমটি নির্মিত হয়েছে ঢাকার হাতিরঝিলে। সম্পূর্ণ চীনের প্রযুক্তি দিয়ে তৈরি এই ফোয়ারাটি বিদেশ থেকে আমদানি করে বরিশালে এনে সংযোজন করা হয়েছে। রাতের অন্ধকারে এটি থেকে সাত রঙের দৃষ্টিনন্দন আলোর ঝলকানি দেখা যাবে। পাশাপাশি রঙের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান চলতে থাকবে। দীর্ঘ প্রতীক্ষিত এই মিউজিক্যাল ফোয়ারা চালুর পর বর্ণিল আলোর খেলা ও জলের ছন্দময় নৃত্য উপভোগ করতে লেক এলাকায় ভিড় করছেন হাজারো দর্শনার্থী। স্থানীয়দের আশা, এটি নিয়মিত চালু থাকলে প্রতিদিনই দূরদূরান্ত থেকে সৌন্দর্যপিপাসু মানুষ এখানে ঘুরতে আসবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালবাসীর জন্য ঈদের উপহার এ আধুনিক দৃষ্টিনন্দন ফোয়ারা। আমরা বরিশালবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় নগরী উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারাটি নগরীর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীর জন্য একটি চমৎকার বিনোদনকেন্দ্রে পরিণত হবে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী এ সময় উপস্থিত ছিলেন। শাওন খান/কেএইচকে/জেআইএম
Go to News Site