Jagonews24
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা দেওয়া হয়। এই অপরাধের জন্য কোম্পানিটির পরিচালক ও কর্মকর্তাদের এক কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৪তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানিয়েছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, পরিচালক মো. রুহুল কবির খান, হাজরত আলী ও জারিন কবির খানকে ব্যক্তিগত দায় হিসেবে প্রত্যেককে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আজিজুল জাব্বেরকে ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব তপন কুমার সরকারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আরোপিত অর্থদণ্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে। এমএএস/এমএএইচ/
Go to News Site