Somoy TV
মেয়াদোত্তীর্ণ মোড়কেই লিলি ব্র্যান্ডের ফেসওয়াশ বিক্রি করছে দেশীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও বিএসটিআই বলছে, প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিয়েই আইন প্রয়োগ নিশ্চিত করতে চায় সংস্থাটি। তবে এমন ঘটনায় কোম্পানির লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্যাব ও আইনজীবীদের।বাংলাদেশের কসমেটিকস বাজারে পরিচিত নাম রিমার্ক এইচবি লিমিটেড। যারা লিলি-নিওরের মতো প্রসাধনী পণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছে। সম্প্রতি সময় সংবাদের হাতে আসে রিমার্কের লিলি ব্র্যান্ডের ফেসওয়াশ বাজারজাত করতে দেয়া মোড়ক সনদের কপি। যেখানে দেখা যাচ্ছে, তিন বছরের জন্য দেয়া ওই সনদের মেয়াদ শেষ হয়েছে ৪ এপ্রিল। মেয়াদোত্তীর্ণের তিন মাস আগেই নবায়নের বাধ্যবাকতা থাকলেও প্রতিষ্ঠানটি আবেদন করে চলতি মাসের ৩ মে। প্রশ্ন উঠছে, রিমার্কের লিলি ফেসওয়াশ কি তাহলে গেল ৪ এপ্রিল থেকে মোড়কজাত করা হচ্ছে না? নবায়ন পাওয়ার আগে- আগের মোড়কে বাজারে আসা লিলি ফেসওয়াশ কি তুলে নেয়া হবে- এমন প্রশ্নের উত্তর জানতে রিমার্ক এইচবির সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। যার কোনো স্বচ্ছ উত্তর পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির কাছ থেকে। রিমার্কের সঙ্গে কি কাজ হচ্ছে তা জানতে সময় সংবাদ যায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই)। পণ্যের মান নিয়ন্ত্রণকারী দেশের সর্বোচ্চ সংস্থাটি বলছে, বড় প্রতিষ্ঠানকে সুযোগ দিয়েই আইনের প্রয়োগ করতে চান তারা। বিএসটিআইর উপ-পরিচালক (মেট্রোলজি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রিমার্ক এইচবি লিমিটেডকে টেলিফোনে কিছু বিষয় সংশোধনের নির্দেশ দেয়া হয়েছিল। সংশোধন না করলে আমরা নবায়নে যাবো না বলেও জানিয়েছিলাম। ফলে নির্দেশনা মোতাবেক যদি পণ্যের মোড়কে প্রয়োজনীয় সংশোধন আমরা না পাই, তাহলে প্রতিষ্ঠানটিকে আবারো চিঠি দিয়ে জানানো হবে। পুনরায় বিধি মোতাবেক প্রয়োজনীয় সংশোধনের জন্য বলা হবে। যদি সংশোধন না করে তাহলে নিবন্ধন নবায়ন করবো না।’ ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব তাগিদ দিচ্ছে, পণ্যের মান রক্ষায় আইনের কঠোর প্রয়োগের ওপর। একই সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হলে অন্য প্রতিষ্ঠানও আইন অমান্য করার সুযোগ খুঁজবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘যখনই এ ধরনের লজগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে, তখন এটা একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে। মনে করবে এটা একটা ফাইন প্র্যাক্টিস।’ আরও পড়ুন: পণ্যে নেই মোড়কজাতকরণ আইনের তোয়াক্কা, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো? ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘দুঃখজনক হলেও আমরা আইনের প্রয়োগ তেমন একটা দেখতে পারছি না। আইনের যদি কঠোর প্রয়োগ হতো তাহলে সবাই সতর্ক হয়ে যেত।’ তিনি আরও বলেন, ‘মানুষ মনে করছে আইন আছে, আইন না মানলে তো কিছু হয় না। এই আইন না মানার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে প্রথম দায়িত্ব সরকারের। সরকারের যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেখানে আইনের ব্যত্যয় রয়েছে, সেখানে কঠোর আইন প্রয়োগ করা দরকার।’ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কসমেটিকস কারখানা গড়ে তোলা রিমার্ক এইচবি কোম্পানির চলতি লাইসেন্সের মেয়াদ শেষ হবে আগামী ১ আগস্ট।
Go to News Site