Somoy TV
লাল-সবুজের পতাকার প্রতি আনুগত্য, দেশরক্ষার দৃঢ় অঙ্গীকার আর সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতের শপথে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিলেন ৪৪১ জন নবীন নাবিক।পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটিতে আয়োজিত শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন নাবিকরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার জন্য নাবিকদের নির্দেশনা দেন নৌবাহিনী প্রধান। লাল-সবুজের পতাকা হাতে নিয়ে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গের শপথ। শৃঙ্খলা, দেশপ্রেম আর গৌরবের আবহে বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ যেন হয়ে ওঠে এক অনন্য আবেগঘন আয়োজন। বৃহস্পতিবার (২১ মে) সকালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটির প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে নবীন নাবিকদের দৃপ্ত পদচারণায়। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌ বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন ৪৪১ জন নবীন নাবিক। আরও পড়ুন: চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মুক্ত করল বাংলাদেশ নৌবাহিনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এসময় তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার, এরিয়াল ভেহিকল, মাল্টি-মিশন ইন্টারসেপ্টর ও অত্যাধুনিক পেট্রোল বোটসহ নানা প্রযুক্তিনির্ভর সামরিক সরঞ্জাম। নবীন নাবিকদের উদ্দেশে তিনি বলেন, সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নৌবাহিনীর এ-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. শাহরিয়ার টুটুল পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে 'নৌপ্রধান পদক'লাভ করে। এছাড়াও মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অধিকার করে 'কমখুল পদক' এবং মো. কাদের মিয়া তৃতীয় স্থান অধিকার করে 'শের-ই-বাংলা পদক' লাভ করে। একই সঙ্গে সেরা চৌকস মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার 'প্রীতিলতা ওয়াদ্দেদার'পদক অর্জন করে। আরও পড়ুন: পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় অঙ্গনে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Go to News Site