Somoy TV
দাউ দাউ আগুন কিংবা ভয়াবহ কোনো দুর্ঘটনা চারদিকে যখন আতঙ্ক, ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যান তিনি। মৃত্যুভয় উপেক্ষা করে অন্যের জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। একের পর এক দুঃসাহসিক উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়ে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক। তিনি হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাহসী ফায়ার ফাইটার আব্দুল আলীম শেখ।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কর্মজীবনে আব্দুল আলীম এ পর্যন্ত প্রায় ২০০টি উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ অভিযানে তার সাহসিকতা ও পেশাগত দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। উপজেলার শুকদাড়া এলাকায় ১১ হাজার কেভি বৈদ্যুতিক খুঁটির ওপরে আগুনে দগ্ধ এক ইলেকট্রিশিয়ানকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন তিনি। এর আগে ২০২০ সালে বরগুনার আমতলী উপজেলার পাশে প্রায় ২৫০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে তিন দিন আটকে থাকা এক কিশোরকে জীবিত উদ্ধারেও অংশ নেন তিনি। দীর্ঘ সময়ের ঝুঁকিপূর্ণ ওই অভিযানে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন আব্দুল আলীম। ২০২৫ সালের সোমবার (২৮ জুলাই) ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় খাদে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের ভেতর আটকে থাকা চালককে জীবিত উদ্ধারের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রত্যক্ষদর্শী আজমল শেখ বলেন, ‘চালককে জীবিত বের করে আনতে দেখে আমরা অবাক হয়ে যাই। আব্দুল আলীম শেখ ওভাবে ঝুঁকি না নিলে মানুষটাকে বাঁচানো যেত না।’ একই বছরের রোববার (১৯ জানুয়ারি) খাজুরার একটি তুলা কারখানা ও সংলগ্ন গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণ ও শ্রমিক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া মঙ্গলবার (১১ মার্চ) ফকিরহাট গফ্ফার সুপার মার্কেটে আগুন লাগলে দোকানের শাটার খুলতে গিয়ে ‘ব্যাক ড্রাফট’-এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তখন অন্যরা পিছিয়ে গেলেও সামনে এগিয়ে যান আব্দুল আলীম। তার কারিগরি দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তে সহকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোটি টাকার সম্পদ রক্ষা পায়। শনিবার (১২ এপ্রিল) উপজেলার সাউথ ইস্ট সিরামিকস লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়ও তিনি সামনে থেকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন। আরও পড়ুন: মৃত্যুর ১১ দিন পর সন্তানের বাবা হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা চট্টগ্রামে ইউএস আর্মিদের পরিচালিত ফার্স্ট এইড প্রশিক্ষণপ্রাপ্ত আব্দুল আলীম মানবসেবাকেই নিজের জীবনের প্রধান লক্ষ্য বলে মনে করেন। নিজের পেশা প্রসঙ্গে ফায়ার ফাইটার আব্দুল আলীম শেখ বলেন, ‘দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন ও সম্পদ রক্ষার লক্ষ্য নিয়েই এই মহান পেশায় যোগ দিয়েছি। মানুষের বিপদ দেখলে ভেতর থেকে এক ধরনের শক্তি অনুভব করি। কারও জীবন বাঁচাতে পারলে মানসিক শান্তি পাই। মানুষের কৃতজ্ঞতার হাসিই আমার সবচেয়ে বড় পুরস্কার।’ ফকিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. শাজাহান মিয়া বলেন, ‘আব্দুল আলীম শেখ আমাদের প্রথম সারির ফায়ার ফাইটারদের একজন। কোনো দুর্ঘটনা ঘটলেই সে সবার আগে এগিয়ে যায়। বিভিন্ন উদ্ধার সরঞ্জাম পরিচালনায় সে অত্যন্ত দক্ষ। জটিল ও ঝুঁকিপূর্ণ বহু অভিযানে তাকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি। আমাদের টিমে সে ভরসার নাম হয়ে উঠেছে।’
Go to News Site