Jagonews24
কিশোরগঞ্জের করিমগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতের এক ইউনিয়ন বিএনপির সভাপতিকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক মো. আবুল মান্নান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া ওই বিএনপির নেতার নাম সাইফুল ইসলাম মালিক। তিনি উপজেলা নোয়াবাদ ইউনিয়ন সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম মালিককে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুশালা গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেমকে (খাইরুল) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাইফুল ইসলাম মালিকের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল আত্মসাতের উদ্দেশ্যে একটি চক্র বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে গোপনে মজুত করে রাখে বলে অভিযোগ ওঠে। এ তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই স্থান থেকে ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত চাল করিমগঞ্জ উপজেলা পরিষদ হাফেজিয়া এতিমখানায় এতিম শিশুদের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়। এসকে রাসেল/কেএইচকে/জেআইএম
Go to News Site