Jagonews24
মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার, টেস্ট রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি এবং যথাযথ সনদ ছাড়াই সেবা প্রদানের অভিযোগে বরিশালে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর প্যারারা রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার অধিদপ্তর সূত্র জানায়, প্যারারা রোড এলাকার ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ল্যাবগুলোতে রোগীদের রোগ নির্ণয়ের জন্য মেয়াদ পার হয়ে যাওয়া ক্ষতিকর রাসায়নিক ও কিট ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্যাথলজি রিপোর্টে ল্যাব বিশেষজ্ঞ চিকিৎসকের অজান্তেই তার ভুয়া ও জাল স্বাক্ষর বসিয়ে রোগীদের দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও পরিবেশগত অনুমোদন বা সনদ ছাড়াই সেবা দেওয়ার নামে প্রতারণা করা হচ্ছিল। এসব অপরাধের দায়ে ‘দি হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেস’কে ৭ হাজার টাকা, ‘মেট্রো ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা এবং ‘সাউথ এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস’কে ১০ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার, টেস্ট রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি এবং যথাযথ সনদ ছাড়াই সাধারণ মানুষকে সেবা প্রদানের নামে প্রতারণার অভিযোগে এ জরিমানা করা হয়। অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। শাওন খান/কেএইচকে/জেআইএম
Go to News Site