Jagonews24
ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুকে তিনি লিখেছেন, এসব ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।’ তিনি বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন প্রয়োজন। পরিবার, বিদ্যালয়, মাদরাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ফেসবুকে তিনি আরও লেখেন, আমাদের ছেলেমেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। পরিবর্তনের এই সংগ্রামে সবাইকে একসঙ্গে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কেএইচ/এমএমকে
Go to News Site