Somoy TV
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে আগেভাগেই যোগ দিচ্ছেন ভিনিসিউস জুনিয়র। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিশেষ ছুটি দিয়েছে। ফলে শনিবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচে খেলছেন না তিনি।লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। শেষ রাউন্ডের আগে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে গেছে কাতালানরা। অন্যদিকে রিয়ালও নিশ্চিতভাবে দ্বিতীয় স্থানে শেষ করছে মৌসুম। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচটিতে কার্যত কোনো গুরুত্ব নেই। বৃহস্পতিবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন ভিনিসিউস। পরে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত কারণে ক্লাবের অনুমতি নিয়েই’ অনুশীলনে ছিলেন না তিনি। আগামী সপ্তাহে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে ভিনিসিউসের। নতুন কোচ কার্লো আনচেলত্তির ডাকে নির্বাচিত খেলোয়াড়রা রিও ডি জেনিরোর বাইরে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে সিবিএফ ট্রেনিং সেন্টারে রিপোর্ট করবেন। ২৭ মে খেলোয়াড়দের ক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে। আরও পড়ুন: দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ বিশ্বকাপের আগে ৩১ মে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১ জুন যুক্তরাষ্ট্রে উড়াল দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ব্যক্তিগতভাবে দারুণ মৌসুম কাটিয়েছেন ভিনিসিউস। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ২২ গোল ও ১০ অ্যাসিস্ট। তবে তার পারফরম্যান্স দলকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেনি। মৌসুমের প্রথম ভাগে তখনকার কোচ শাবি আলোনসোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনায় ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। জানুয়ারিতে আলোনসো বরখাস্ত হওয়ার পর আলভারো আরবেলোয়ার অধীনে আবারও ছন্দে ফেরেন তিনি। তবে আগামী মৌসুমে ভিনিসিউসের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। কারণ, রিয়ালের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন জোসে মরিনহো। নতুন কোচের অধীনে তার ভূমিকা কেমন হবে, সেটিই এখন দেখার বিষয়। ২০২৭ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রয়েছে ভিনিসিউসের। যদিও নতুন চুক্তি নিয়ে আলোচনা বিশ্বকাপের পর শুরু হতে পারে বলে জানা গেছে। ২০২৫ সালের মে মাসে চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষ সমঝোতার কাছাকাছি গেলেও পরে আলোচনা থেমে যায়। আরও পড়ুন: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপে কারা ক্লাব এখনও নতুন চুক্তি নিয়ে আশাবাদী। তবে আলোচনার সময় ভিনিসিউসের প্রতিনিধিদের অবস্থান রিয়াল কর্তাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি বলেও স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Go to News Site