Jagonews24
বর্তমানে গান শোনা, সিনেমা দেখা কিংবা প্রিয় ইউটিউবারের ভিডিও উপভোগ করা সবকিছুর মাঝেই সবচেয়ে বড় বিরক্তির নাম বিজ্ঞাপন। ভিডিও শুরু হওয়ার আগে কিংবা মাঝপথে হঠাৎ বিজ্ঞাপন চলে আসায় অনেক সময় দেখার অভিজ্ঞতাই নষ্ট হয়ে যায়। এই ঝামেলা এড়াতে এতদিন ব্যবহারকারীদের আলাদা করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হতো। তবে এবার নতুন সুবিধা নিয়ে হাজির হয়েছে গুগল। প্রযুক্তি জায়ান্টটি তাদের এআই পরিষেবার সঙ্গে যুক্ত করেছে নতুন একটি অফার, যার মাধ্যমে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়াই বেশিরভাগ ইউটিউব ভিডিও দেখতে পারবেন। মূলত গুগল এআই প্রো প্ল্যানের গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে বিনামূল্যের ইউটিউব প্রিমিয়াম লাইট সুবিধা। এই ইউটিউব প্রিমিয়াম লাইট কী? ইউটিউব প্রিমিয়াম লাইট হলো জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব-এর একটি তুলনামূলক কম খরচের সাবস্ক্রিপশন পরিষেবা। এই প্ল্যানে ব্যবহারকারীরা অধিকাংশ ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন। যারা নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু পুরো প্রিমিয়াম প্ল্যানের জন্য বেশি টাকা খরচ করতে চান না, তাদের জন্য এটি বেশ কার্যকর একটি বিকল্প। গুগল এআই প্রো ব্যবহারকারীরা কী সুবিধা পাবেন? নতুন আপডেট অনুযায়ী, গুগল এআই প্রো প্ল্যানের সাবস্ক্রাইবাররা অতিরিক্ত খরচ ছাড়াই ইউটিউব প্রিমিয়াম লাইট সুবিধা পাবেন। এর ফলে সাধারণ ভিডিও দেখার সময় বিজ্ঞাপন অনেকটাই কমে যাবে। নতুন প্রিমিয়াম লাইট প্ল্যানে ব্যবহারকারীরা বেশ কিছু জনপ্রিয় সুবিধা পাবেন। যেমন- বেশিরভাগ ইউটিউব ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখা যাবে। মোবাইল, স্মার্ট টিভি ও ওয়েব সব প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে এই পরিষেবা। এছাড়া ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখার সুবিধাও পাওয়া যাবে। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে যদিও এই প্ল্যান অনেকের জন্য সুবিধাজনক হতে পারে, তবুও এটি পুরো ইউটিউব প্রিমিয়ামের বিকল্প নয়। কারণ কিছু ফিচার এখানে অনুপস্থিত থাকবে। উদাহরণ হিসেবে, ইউটিউব শর্টস দেখার সময় এখনো বিজ্ঞাপন দেখা যেতে পারে। এছাড়া ইউটিউব মিউজিক প্রিমিয়াম এই প্ল্যানের অন্তর্ভুক্ত নয়। ফলে গান শুনতে গেলে বিজ্ঞাপন আসতে পারে। মিউজিক ভিডিও বা সার্চ পেজেও বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ হবে না। সবচেয়ে বড় বিষয় হলো, ব্যাকগ্রাউন্ড প্লে সুবিধা এখানে সীমিত। অর্থাৎ অন্য অ্যাপ ব্যবহার করার সময় সব ক্ষেত্রে ভিডিও বা অডিও চলবে না। কিন্তু কেন গুগল এমন সিদ্ধান্ত নিল? বর্তমানে সাবস্ক্রিপশনভিত্তিক ডিজিটাল পরিষেবার বাজার দ্রুত বাড়ছে। নেটফ্লিক্স, স্পটিফাই কিংবা ইউটিউব সব প্ল্যাটফর্মই এখন বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতার জন্য আলাদা সাবস্ক্রিপশন দিচ্ছে। কিন্তু অনেক ব্যবহারকারী কম খরচে সীমিত সুবিধার প্ল্যান খুঁজছেন। বিশেষজ্ঞদের মতে, গুগলের এই নতুন কৌশল মূলত এআই পরিষেবার ব্যবহার বাড়ানো এবং একই সঙ্গে ইউটিউব ব্যবহারকারীদের প্রিমিয়াম পরিষেবার দিকে আকৃষ্ট করার অংশ। যারা প্রতিদিন দীর্ঘ সময় ইউটিউব ব্যবহার করেন এবং বিজ্ঞাপনের ঝামেলা কমাতে চান, তাদের জন্য গুগল এআই প্রো-এর সঙ্গে পাওয়া ইউটিউব প্রিমিয়াম লাইট একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। আরও পড়ুনইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবেএবার কনটেন্টের ওপর কড়া নজর রাখবে ইউটিউব কেএসকে
Go to News Site