Collector
হাসপাতাল নির্মাণকাজে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৩ | Collector
হাসপাতাল নির্মাণকাজে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৩
Jagonews24

হাসপাতাল নির্মাণকাজে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৩

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজে ২০ লাখ টাকা চাঁদাবাজি ও দলবল নিয়ে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ মে) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনূর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, পাবনা সদর উপজেলার হিমাইতপুর এলাকায় নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্পের মূল ভবনের নির্মাণকাজের জন্য আড়াইশ কোটি টাকা মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসে। কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সাজিন কনস্ট্রাকশন লিমিটেড। ঠিকাদারি এ প্রতিষ্ঠানের কাছে ‘কিলার মাসুদ রানার’ নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে গত ১৯ মে দুপুর ১টার দিকে একটি সন্ত্রাসী দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুর রহমানকে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া এসময় সিকিউরিটি গার্ড হাবিবুর রহমান ও ইমরানসহ কয়েকজন শ্রমিকের ওপর ব্যাপক হামলা চালানো হয়। ঘটনার পরদিন সাজিন কনস্ট্রাকশনের ম্যানেজার রাকিবুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১২ জনের নামে পাবনা সদর থানায় একটি চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে ডিবি পুলিশের (ওসি) রাশিদুল ইসলাম বলেন, হামলার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর সদর থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা দায়ের হয়। পরে ডিবি পুলিশের সদস্যরা বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার সবাইকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। আলমগীর হোসাইন নাবিল/এফএ/এএসএম

Go to News Site