Jagonews24
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপে দুঃস্থ, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ৩৮৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে বিষয়টি জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. হানিফুর রহমান ভূঁইয়া। তিনি জানান, গত ২১ মে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ বিওপি’র উদ্যোগে সেন্টমার্টিন ইউনিয়নের ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সেন্টমার্টিন এলাকার ৩৮৫ জন দুঃস্থ, অসহায় ও প্রান্তিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি দ্বীপের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং ১০০টি অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও জানান, বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি মহাপরিচালকের এ ভিশন বাস্তবায়নে বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম
Go to News Site