Collector
কলকাতায় বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে আপত্তি, যা বললেন রুদ্রনীল | Collector
কলকাতায় বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে আপত্তি, যা বললেন রুদ্রনীল
Jagonews24

কলকাতায় বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে আপত্তি, যা বললেন রুদ্রনীল

কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি অভিনয়শিল্পী ও নির্মাতাদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় টেকনিশিয়ানরা। দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করে তারা দাবি করেছেন, বাংলাদেশি শিল্পীরা কলকাতায় এসে নিয়মিত কাজ করলেও স্থানীয় টেকনিশিয়ানরা ন্যায্য মূল্যায়ন ও পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ টেকনিশিয়ান স্টুডিওতে টলিউডের বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই সরাসরি এই অভিযোগ তোলেন একাধিক টেকনিশিয়ান। বৈঠকে আর্ট ডিরেকশন বিভাগের এক জ্যেষ্ঠ টেকনিশিয়ান বলেন, বাংলাদেশি অভিনেতা ও কলাকুশলীরা কলকাতায় এসে দিনের পর দিন কাজ করছেন, অথচ স্থানীয় কর্মীরা কাজের সুযোগ ও প্রাপ্য সম্মান পাচ্ছেন না। এতে বাংলাদেশের প্রযোজকেরা লাভবান হলেও ভারতীয় টেকনিশিয়ানরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি। আরও পড়ুনসায়নী ঘোষের পর এবার তৃণমূল নেতা নায়ক সোহম চক্রবর্তীকে হত্যার হুমকি  শুধু তাই নয়, বাংলাদেশি কলাকুশলীরা কলকাতার অভ্যন্তরীণ নানা তথ্য জেনে যাচ্ছেন বলেও উদ্বেগ প্রকাশ করেন ওই টেকনিশিয়ান। তার দাবি, এটি দীর্ঘমেয়াদে স্থানীয় ইন্ডাস্ট্রির জন্য ভালো নাও হতে পারে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুদ্রনীল ঘোষ বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত। তাই কোনো ঘরোয়া বৈঠকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি জানান, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নির্ভর করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সেটি নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় সরকারের। তবে টলিউডের স্থানীয় শিল্পী ও টেকনিশিয়ানদের উদ্বেগের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন। টলিউডের অন্দরমহলে এই বৈঠককে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এতদিন চাপা থাকা ক্ষোভ এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। এখন দেখার বিষয়, দুই বাংলার সাংস্কৃতিক আদান-প্রদান ও কাজের সুযোগ নিয়ে ভবিষ্যতে কী অবস্থান নেয় ভারতীয় কর্তৃপক্ষ। এলআইএ/এসইউ

Go to News Site