Somoy TV
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে ম্যাচ-পরবর্তী একটি ঘটনা। যেখানে স্পষ্ট দ্বন্দ্ব দেখা গেছে বিরাট কোহলি ও ট্রাভিস হেডের মধ্যে।শুক্রবারের (২২ মে) ম্যাচে হায়দরাবাদ ৫৫ রানের বড় ব্যবধানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা নিয়ম অনুযায়ী করমর্দনের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ালে কোহলি হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স এবং ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে হাত মেলালেও ট্র্যাভিস হেডকে এড়িয়ে যান। ভিডিও ফুটেজে দেখা যায়, হেড হাত বাড়িয়ে অপেক্ষা করলেও কোহলি তাকে উপেক্ষা করে পরবর্তী খেলোয়াড়ের দিকে এগিয়ে যান। ম্যাচ চলাকালীন সময়েই কোহলি ও হেডের মধ্যে মাঠে কিছু কথাবার্তা ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখা যায়। তবে ঠিক কী নিয়ে এই বাকবিতণ্ডা হয়েছিল, তা স্পষ্ট জানা যায়নি। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৪ উইকেটের বিনিময়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০০ রানেই থেমে যায় বেঙ্গালুরু। হারলেও অবশ্য টেবিলের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে কোহলিরা। অন্যদিকে বড় জয়ের পরও তিনে থেকে প্লে-অফে পাড়ি দিয়েছে হায়দরাবাদ। আরও পড়ুন: মুম্বাইকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা ফলে প্লে-অফের লড়াইয়ে বেঙ্গালুরু এখন কোয়ালিফায়ার-১ খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে, যারা লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যাচটি হবে ২৬ মে ধর্মশালায়। হায়দরাবাদ খেলবে এলিমিনেটর ম্যাচ, যা অনুষ্ঠিত হবে ২৭ মে নিউ চণ্ডীগড়ে। তাদের প্রতিপক্ষ অর্থাৎ চতুর্থ প্লে-অফ স্থান এখনো নির্ধারিত হয়নি। এই এক স্থানের জন্য শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করবে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস।
Go to News Site