Somoy TV
নারায়ণগঞ্জে ছয় বছর বয়সি এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকার হওয়া এক অভিযুক্তকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এছাড়া পুলিশের অভিযানে অপর অভিযুক্তও গ্রেফতার হয়েছে।শুক্রবার (২২ মে) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনই মাদকাসক্ত। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় হিরো ও সোহেল শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে নির্যাতন করে। এর কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও পড়ুন: একের পর এক ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জজুড়ে আতঙ্ক রাতে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অপর অভিযুক্ত সোহেল পলাতক ছিল। তবে শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, ‘এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
Go to News Site