Collector
অবশেষে কানের রেড কার্পেটে ধরা দিলেন ঐশ্বরিয়া | Collector
অবশেষে কানের রেড কার্পেটে ধরা দিলেন ঐশ্বরিয়া
Somoy TV

অবশেষে কানের রেড কার্পেটে ধরা দিলেন ঐশ্বরিয়া

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায়ের উপস্থিতির দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন ভক্ত ও ফ্যাশনপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান করে কানের রেড কার্পেটে পা রেখেছেন সাবেক এ বিশ্ব সুন্দরী।বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে উড়াল দেন ঐশ্বরিয়া। এবারের আন্তর্জাতিক এ উৎসব শুরু হয় ১২ মে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ৭৯তম এ আসরের পর্দা নামবে আজ ২৩ মে। উৎসবের বিদায়ের মুহূর্তের আগেই তাই রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন বলিউডের এ লাস্যময়ী অভিনেত্রী। চলতি বছরে কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি শোবিজ ও ভক্ত মহলে আলোচনার কেন্দ্রে ছিল। তবে সব আলোচনা, জল্পনার অবসান ঘটিয়ে গ্ল্যামার, সৌন্দর্য আর রাজকীয় আভিজাত্যের নীল আভায় মোড়া ‘মৎসকন্যা’ সাজে কান উৎসবে হাজির হন বিশ্বখ্যাত এ তারকা। কানে উপস্থিত হতেই পুরো আসরের আলো নিজের দিকে টেনে নেন তিনি। এবারের উৎসবে ঐশ্বরিয়ার ঝলমলে নীল রঙের গাউনটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। কানের মঞ্চে এটিই ছিল এ ডিজাইনারের প্রথম অভিষেক। ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকেই তৈরি করা হয়েছে পোশাকটি। বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন, সেই আভাকেই এই গাউনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। লালগালিচায় ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ঐশ্বরিয়া। ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানান। কখনও উড়ন্ত চুম্বন আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন। আরও পড়ুন: বিয়েতে রাশমিকার কমলা রংয়ের শাড়ি পরার কারণ জানা গেল উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা যায় তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন ‘দ্য বার্থডে পার্টি’ নামের আলোচিত একটি চলচ্চিত্রের প্রদর্শনীতে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেল্লুচ্চি। আরও পড়ুন: ‘সন্তান হারানো’র যন্ত্রণা জানালেন আমির খান দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া রায়। এবারের উৎসবেও নায়িকার ছায়াসঙ্গী ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন।

Go to News Site