Jagonews24
ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। গভীর রাতে টাঙ্গাইলের একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে ঢোকার পর আতঙ্কজনক পরিস্থিতির শিকার হন তিনি। নিজের ফেসবুক পোস্টে ফারিন জানান, গত ১৩ মে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে তারা জামালপুরের উদ্দেশে রওনা ছিলেন। পথিমধ্যে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান তিনি। সেখানে ঢোকার কিছুক্ষণ পরই অনুভব করেন, তার পেছনে কেউ রয়েছে। ফারিন লেখেন, ‘পরক্ষণেই তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটি হাত ঠিক আমার গলার কাছে।’ তিনি দাবি করেন, সময়মতো চিৎকার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অভিনেত্রীর ভাষায়, ‘হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করতো।’ চিৎকার শুনে তার গাড়িচালক এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় বলেও জানান তিনি। পরে ড্রাইভার তাকে জানান, সন্দেহভাজন ব্যক্তিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখলেও তিনি প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, বাইরে সাহস দেখালেও ভেতরে ভেতরে ভয় ও মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফারিন খান। তার মতে, দেশের নারীরা প্রতিনিয়ত অনিরাপদ পরিবেশের মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ঘটনার পরও অনেকে তার পোশাক বা পেশাকেই দোষারোপ করবেন। উল্লেখ্য, ২০১৭ সালে ধ্যাততেরিকি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিন খানের। বর্তমানে তিনি নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন। এলআইএ
Go to News Site