Jagonews24
যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার রূপদিয়া চাউলিয়া তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার ঘুনিপূর্বপাড়া গ্রামের মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার ৪ বছরের শিশু সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে ভ্যান চালক আনোয়ার আলী (৭০)। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যানটি রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যানকে চাপা দেয়। এতে কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহা নামে এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শন (তদন্ত) কাজী বাবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে একটি ইজিবাইকসহ অপর একটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকর যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ইজিবাইক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মিলন রহমান/এনএইচআর/এমএস
Go to News Site