Collector
চট্টগ্রামে অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হানের দুই সহযোগী গ্রেফতার | Collector
চট্টগ্রামে অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হানের দুই সহযোগী গ্রেফতার
Jagonews24

চট্টগ্রামে অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হানের দুই সহযোগী গ্রেফতার

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও শর্টগানের কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ মে) সিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও এলাকার পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. শুভ (২২) ও মো. সুমন (৩৩)। তাদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তর বিভাগের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। অন্যদিকে সুমনের কাছ থেকে আরেকটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ডিবি পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানিয়েছেন, তারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলিবর্ষণ এবং বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় রাজু নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চান্দগাঁও থানায় এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতার শুভ ও সুমনের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। এমআরএএইচ/এমআইএইচএস

Go to News Site