Jagonews24
ঈদ উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য আসছে নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’। গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। এ গান নিয়ে ইতোমধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অভিনয়ের পাশাপাশি গানেও নিজের অবস্থান তৈরি করা নুসরাত ফারিয়া এর আগে কয়েকটি একক গান প্রকাশ করেছেন। দুই বছর আগে ফুয়াদের সংগীতে নতুন একটি গান করার কথা জানালেও এবারই সেটি বাস্তবে রূপ পাচ্ছে। ফারিয়ার ভাষায়, ফুয়াদের সংগীতে গান করা তার জন্য স্বপ্নপূরণের মতো একটি অভিজ্ঞতা। লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটির কথা লিখেছেন বাঁধন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং মিক্স-মাস্টারিং করেছেন অভিষেক ঘটক। শিল্পী মনে করছেন, গানটিতে দেশীয় সুরের সঙ্গে আন্তর্জাতিক মানের সংগীতায়োজনের একটি সুন্দর মিশ্রণ পাওয়া যাবে। গানের ভিডিওর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি দেখা যাবে ফুয়াদকেও। ভিডিওটি পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন পশ্চিমবঙ্গের বাবা যাদব। আগামী ২৬ মে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। নতুন গান প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, তিনি ফুয়াদের বড় ভক্ত। তার সঙ্গে কাজ করতে পারা তার কাছে বিশেষ অর্জন। রেকর্ডিংয়ের সময় এটি স্বপ্নের মতো মনে হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বলেন, এই গানটি তার আগের কাজগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা দেবে এবং শ্রোতাদের নতুন ফারিয়াকে আবিষ্কারের সুযোগ করে দেবে। উল্লেখ্য, এটি নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান। ২০১৮ সালে তার প্রথম গান ‘পটাকা’ প্রকাশিত হয় এবং সর্বশেষ ২০২৩ সালে আসে ‘বুঝি না তো তাই’। এলআইএ
Go to News Site