Jagonews24
ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ইউনাইটেড লিগ শিরোপা জিততে না পারলেও টেবিলে অস্থান তিনে। দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগেও ফিরেছে ক্লাবটি। এক ম্যাচ বাকি থাকতেই ২০টি অ্যাসিস্ট করে লিগ রেকর্ডের সমান করেন। এই অ্যাসিস্টের রেকর্ডটি যৌথভাবে ধরে রেখেছিলেন আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি এবং ম্যানচেস্টার সিটির সাবেক তারকা কেভিন ডি ব্রুইনা। পর্তুগাল জাতীয় দলের এই তারকার পা থেকে চলতি মৌসুমে এসেছে ৮টি গোলও। এই পুরস্কারের দৌড়ে তিনি প্রতিযোগিতা করেছেন আর্সেনালের গ্যাব্রিয়েল, ডেভিড রায়া ও ডেকলান রাইস, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড ও অ্যান্তেনিও সেমেনিও, নটিংহ্যাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোদের মতো খেলোয়াড়ের সঙ্গে। এছাড়া তিনি এই মৌসুমে লিগে সর্বোচ্চ ১৩২টি সুযোগ তৈরি করেন, যা দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের ডমিনিক সোবেসলাইয়ের ৮৯টির চেয়ে অনেক বেশি। এর আগে তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার ম্যাট বাসবি বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারও পঞ্চমবারের মতো জিতেছেন। এখন তার সামনে সুযোগ আছে শেষ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে খেলতে নেমে অ্যাসিস্ট রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার। আইএন
Go to News Site