Somoy TV
সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।শনিবার (২৩ মে) সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মৃত কর্মীদের স্ত্রীদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।অনুদানের চেকপ্রাপ্তরা হলেন- সিসিকের পানি শাখার পাম্প অপারেটর প্রয়াত হাসান মাহমুদ মাসুমের স্ত্রী মোছাম্মত সেলিনা আক্তার এবং পরিবহন শাখার গাড়ি চালক প্রয়াত মো. আব্দুল হান্নানের স্ত্রী রোমানা বেগম।চেক হস্তান্তরকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, 'সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সিসিকের মূল চালিকাশক্তি। কর্মরত অবস্থায় কোনো সহকর্মীর অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের পরিবারের এই অপূরণীয় ক্ষতি অর্থের পরিমাপে পূরণ করা সম্ভব নয়। তবে সিসিক সবসময় তার কর্মীদের কল্যাণে এবং যেকোনো দুর্যোগে পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। কর্মচারীদের স্বার্থ ও কল্যাণ সুরক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।'তিনি আরও বলেন, 'আমরা সবাই নগরবাসীর সেবক। তাই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নাগরিক সেবার মান যত বাড়বে, সিসিকের ভাবমূর্তিও তত উজ্জ্বল হবে।'আরও পড়ুন: সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ‘ঈদ বোনাস’ দিলেন প্রধানমন্ত্রীকর্মচারীদের কল্যাণে সিসিক সবসময় পাশে থাকবে জানিয়ে প্রশাসক আরও বলেন, 'সহকর্মীদের যেকোনো যৌক্তিক দাবি ও কল্যাণের বিষয়ে সিসিক কর্তৃপক্ষ সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে। কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি শেষে অবসর নিলে তাদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি এককালীন অর্থ অনুদান ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হবে। এমনকি অস্থায়ীভাবে কর্মরত কোনো কর্মচারীও যদি দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন বা মৃত্যুবরণ করেন, তবে মানবিক দিক বিবেচনা করে তাদের ক্ষেত্রেও এককালীন আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করা হবে।'চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিসিকের কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজ আলী, মো. ফয়জুর রহমান এবং মো. মাহবুবুর রহমান প্রমুখ।
Go to News Site