Jagonews24
আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগকে সামনে রেখে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় আবারও পরিবর্তন আনছে আয়োজকরা। গত দুই আসরে নিলাম পদ্ধতি থাকলেও এবার ফ্র্যাঞ্চাইজিগুলো দল গড়বে ড্রাফটের মাধ্যমে। আগামী ১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের ড্রাফট। এবারের আসরকে সামনে রেখে ব্যাপক সাড়া মিলেছে বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২১টি দেশের ৬৫০ জনের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকেও রয়েছেন ৪৮ জন ক্রিকেটার। যদিও এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি। সবচেয়ে বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তানের খেলোয়াড়রা। দেশটি থেকে ড্রাফটে আছেন ১০২ জন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫, দক্ষিণ আফ্রিকার ৬৬, নিউজিল্যান্ডের ৪১, অস্ট্রেলিয়ার ২৪, ইংল্যান্ডের ১৫ এবং ভারতের ১২ জন ক্রিকেটারও তালিকায় রয়েছেন। শুধু পূর্ণ সদস্য দেশই নয়, সহযোগী সদস্য দেশ থেকেও আগ্রহ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও নিবন্ধন করেছেন এবারের আসরের জন্য। তবে প্রাথমিক তালিকার সব ক্রিকেটার শেষ পর্যন্ত ড্রাফটে থাকছেন না। যাচাই-বাছাই শেষে প্রায় ৩১০ জন ক্রিকেটারকে চূড়ান্ত তালিকায় রাখা হবে বলে জানা গেছে। আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে টুর্নামেন্টের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা এবং গত আসরের রানার্সআপ গল। সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ৮ আগস্ট, আর বৃষ্টিসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখে ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। এসকেডি/আইএন
Go to News Site