Jagonews24
ঈদের আগে এক অভাবনীয় ‘বোনাস’ পেল মোহামেডান। নাহ, বিষয়টা টাকার অংকে নয়। ঈদের ছুটিতে প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার দিন মোহামেডান ক্রিকেট দলকে ‘বোনাস’ উপহার দিল মিরপুর সিটি ক্লাব। আজ শনিবার লিগে নিজেদের সপ্তম ম্যাচে এসে সিটি ক্লাব ২১ রানে প্রাইম ব্যাংককে হারিয়ে দারুণ চমক দেখিয়েছে। মেহেদি মারুফ বাহিনীর এ চমকপ্রদ জয়ে সবচেয়ে লাভবান হলো মোহামেডান। এখন তাদের নিকট প্রতিদ্বন্দ্বী প্রাইম ব্যাংকের চেয়ে নেট রানরেটেই শুধু নয়, ২ পয়েন্ট এগিয়ে গেল সাদা-কালোরা। আগের ম্যাচে আবাহনীর কাছে প্রথম হার মানা প্রাইম ব্যাংক ঈদের ছুটিতে লিগ বন্ধ হওয়ার আগে আবার হোঁচট খেয়ে একধাপ পিছিয়ে পড়ল। আজ শনিবার বিকেএসপি ২ নম্বর মাঠে সিটি ক্লাবের কাছে ২১ রানে হেরে গেছে প্রাইম ব্যাংক। এর ফলে ৭ ম্যাচ শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান সবার ওপরে চলে গেল। আর প্রাইম ব্যাংক এক ধাপ নিচে নেমে আবাহনী (৭ খেলায় ৫ জয়ে ১০) আর লিজেন্ডস অব রূপগঞ্জের (৭ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট) সমান্তরালে চলে এলো। অলরাউন্ডার এনামুল হক আনামের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই উড়ে গেছে প্রাইম ব্যাংকের জয়ের সম্ভাবনা। ব্যাট হাতে ৬ নম্বরে নেমে অনবদ্য শতরান (৯৭ বলে ৫ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ১০৩ অপরাজিত) করার পর বল হাতেও ১০ ওভারের স্পেলে মাত্র ৩১ রানে এক উইকেট দখল করে আসলে প্রাইম ব্যাংকের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান সিটি ক্লাব অলরাউন্ডার আনামুল। অবশ্য আনামুল একা নন। সিটি ক্লাব জিতেছে আসলে দলীয় পারফরম্যান্সের ওপর ভর করে। ওপেনার সাদেকুর (৭১ বলে ৫৮), নিচের দিকে শাকিল হোসেন (৭০ বলে ৫৫) ও আব্দুল গাফফার সাকলাইন (১১ বলে দুটি করে চার ও ছক্কায় ২৩) ব্যাট হাতে অবদান রাখলে ৫০ ওভার শেষে ২৬৬ রানের (৭ উইকেটে) লড়াইয়ের পুঁজি পায় সিটি ক্লাব। তিন পেসার এনামুল হক আশিক (১০ ওভারে ৪১ রানে ৫ উইকেট), আনামুল হক (১০ ওভারে ১/২৯) আর আব্দুল গাফফার সাকলাইন (১০ ওভারে ১/৪৫) এই পুঁজিকেই জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণ করেন। তাদের ধারালো ও নিয়ন্ত্রিত পেস বোলিংয়ের বিপক্ষে প্রাইম ব্যাংকের হয়ে লড়াই করেন শুধু আজিজুল হাকিম তামিম। জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) দলের এই সাবেক অধিনায়ক ৯৮ বলে ৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৯৫ রানের বড় ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিলেও বাকি কেউ তাকে সহায়তা করতে না পারায় প্রাইম ব্যাংককে এবারের লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ নিতে হয়। প্রাইম ব্যাংকের চার তারকা ব্যাটার তানজিদ তামিম (১৭ বলে ৯), শাহাদাত হোসেন দিপু (২৭), আকবর আলী (২৪), শামীম পাটোয়ারী (৩০) আজ গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে কিছুই উপহার দিতে পারেননি। এই জয়ে সমান ৭ খেলা শেষে সিটি ক্লাব চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ওপরে উঠল এক ধাপ। এআরবি/আইএইচএস
Go to News Site