Somoy TV
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা এমন মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একইসঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করছি।শনিবার (২৩ মে) যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে স্পিকার তৃণমূল পর্যায় থেকে ফুটবলের প্রসারের প্রচেষ্টার প্রশংসা করেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূত যখন বক্তব্য দিতে উঠলেন, তখন উপস্থিত সবাই হাততালি দিয়েছেন। এটিই প্রমাণ করে আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আসন্ন বিশ্বকাপে আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। অনুষ্ঠানে তিনি দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব নিয়েও মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, গত দুই দশকে ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে চলে গেছে এবং প্রকৃত ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে। আগে মানুষ ক্রীড়াঙ্গনে কিছু দিতে আসত, এখন অনেকে নিতে আসেন। ক্রীড়ামোদীদের জায়গা ব্যবসায়ী ও রাজনীতিকরা দখল করেছেন। এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। ‘নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদী থাকলে আমরা এতদিন বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে: শামা ওবায়েদ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ক্ষোভ ও আশা প্রকাশ করে স্পিকার বলেন, বাংলাদেশে সর্বত্রই দুর্বৃত্তায়ন। এখন ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। নিঃস্বার্থ ক্রীড়ামোদী প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। তৃণমূলের ক্রীড়া খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট ছোট খেলোয়াড়দের উৎসাহিত করতে এরইমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। এগুলো মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শামসুল হুদা ফুটবল একাডেমি ঘুরে দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এই ধরণের একটা আধুনিক প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, এটি আমাদের ক্রীড়াঙ্গনের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশার কথা। এ সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, আর্জেন্টিনা থেকে কোচ আনা এবং প্রতিভাবান খেলোয়াড়দের সেখানে প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও বলেন, শিশুদের আগ্রহ ও অংশগ্রহণ বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ তৈরি করছে। ভোরের আলো ফুটতেই এদিন খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন ফুটবল একাডেমি থেকে আসা ৮০০ ক্ষুদে বালক ও বালিকা ফুটবলারের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। উৎসবমুখর এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ।
Go to News Site