Somoy TV
মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষায় রাজনৈতিক ফাঁকা বুলি বর্জন করে একটি বাস্তবসম্মত ও নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী জোট পেরিকাতান নাসিওনালের (পিএন) চেয়ারম্যান ড. আহমদ সামসুরি মোখতার।শনিবার (২৩ মে) কুয়ালালামপুরে গেরাকান পার্টির ৫৮তম বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সামসুরি বলেন, দেশের চলমান চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলায় একটি দক্ষ, নীতিবান এবং সততাভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য, যা জাতীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে। তিনি পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের রাজনীতি পরিহার করে দেশের সংবিধান অক্ষুণ্ণ রাখা এবং সব নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, পরাশক্তিগুলোর প্রতিযোগিতা এবং দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতির চ্যালেঞ্জগুলো তুলে ধরে পিএন চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা অত্যন্ত জরুরি, যার পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা। বিনিয়োগকারীরা সবসময় নিরাপদ ও স্থিতিশীল পরিবেশেই পুঁজি বিনিয়োগ করতে পছন্দ করেন। তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ এখন অনেক সচেতন এবং তারা বুঝতে পেরেছেন যে, কেবল স্লোগান আর শূন্য প্রতিশ্রুতি দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এখন কার্যকর ও বাস্তবমুখী নেতৃত্বের কোনো বিকল্প নেই। আরও পড়ুন: অটোমেশন খাতে বিদেশি কর্মীদের দুঃসংবাদ দিলো মালয়েশিয়া এই রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের অন্যতম শরিক দল ‘গেরাকান’কে দেশের রাজনীতিতে আরও বড় ও প্রভাবশালী ভূমিকা রাখার আহ্বান জানান সামসুরি মোখতার। দলটির ৫৮ বছরের দীর্ঘ ইতিহাসকে পরিপক্বতা ও মধ্যপন্থি রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পিএন জোট এবং মালয়েশিয়ার চীনা সম্প্রদায়ের মধ্যে সমঝোতার সেতু বন্ধন হিসেবে গেরাকান অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এ সময় বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর একটি বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিয়ে তিনি দলটির নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে বলেন, রাজনীতিতে পরাজয় আসতেই পারে, তবে পড়ে থাকা যাবে না সব বাধা পেরিয়ে একসঙ্গে ঘুরে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে, জোটের অভ্যন্তরীণ রাজনীতিতে মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস) এবং মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টি (বারসাতু)’র মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েন নিরসনে আগামী এক বা দুই দিনের মধ্যে পাসের একটি জরুরি অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাস সভাপতি আব্দুল হাদি আওয়াং অভিযোগ করেছেন, বারসাতুর কিছু একক ও ধারাবাহিক পদক্ষেপ জোটের মূল চেতনাকে ক্ষুণ্ণ করেছে, যা পাসের নীতিগত ফোরামে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। দলের মহাসচিব তাকিউদ্দীন হাসান জানিয়েছেন, বারসাতুর সাথে সহযোগিতা পুনর্বিবেচনার বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে এবং পরবর্তীতে সেখানে গৃহীত সিদ্ধান্ত ও মতামতগুলো চূড়ান্ত পর্যালোচনার জন্য পিএন জোটের মূল বৈঠকে উত্থাপন করা হবে।
Go to News Site