Jagonews24
মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন আলভারো আরবেলোয়া- এটা আগেই ঘোষণা দিয়েছিলেন। আবার মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দানি কার্ভাহল ও ডেভিড আলাবাও। কোচ ও দুই তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ ছিল শনিবার রাতে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবেগ, বিদায় আর গোলের রোমাঞ্চে ভরা ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়ে বিদায় নিলেন রিয়ালের এই তিন তারকা। চলতি বছরের জানুয়ারিতে নতুন চেলসি কোচ জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন আরবেলোয়া। তবে তার অধীনে মৌসুমটা শিরোপাহীনই কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে তারা। চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে মৌসুম শেষ করেছে লস ব্লাঙ্কোসরা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, গ্রীষ্মে বেনফিকা ছাড়বেন হোসে মরিনহো এবং ১৩ বছর পর আবারও দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরবেন পর্তুগিজ এই কিংবদন্তি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১২ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডান প্রান্ত দিয়ে দানি কারভাহালের দারুণ ক্রস থেকে গোল করেন গনজালো গার্সিয়া। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেন থিয়াগো পিটার্চ। প্রথমে তার শট অ্যাথলেটিক গোলরক্ষক আলেক্স প্যাডিয়া ঠেকিয়ে দিলেও বিরতির চার মিনিট আগে তিনিই তৈরি করেন রিয়ালের দ্বিতীয় গোল। মাঝমাঠের একটু সামনে থেকে বল পেয়ে পিটার্চ বক্সে উঁচু পাস বাড়ান। সেখানে জুদ বেলিংহ্যাম বুক দিয়ে বল নামিয়ে বাঁ পায়ের দারুণ হাফ-ভলিতে বল জালে জড়ান। শুক্রবারই ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই মিডফিল্ডারের গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ দেয় বিলবাও। ডান দিক থেকে ইনাকি উইলিয়ামসের বাড়ানো বল গোরকা গুরুজেতা থিবো কোর্তোয়ার জালের ঠিকানায় পাঠালে ব্যবধান কমে ২-১ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার দুই গোলের লিড ফিরে পায় রিয়াল। ৫১ মিনিটে আলভারো কারেরাসের পাস থেকে কিলিয়ান এমবাপ্পে বক্সের বাঁ দিক থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান। ম্যাচের বয়স একঘণ্টা পার হওয়ার কিছু পর ফরাসি ফরোয়ার্ড এমবাপে পরে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার অ্যাঙ্গেল করা শট এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক প্যাডিয়া। ৬৯ মিনিটে আবেগঘণ এক দৃশ্য দেখা যায় বার্নাব্যুতে। চুক্তির মেয়াদ শেষে গ্রীষ্মে ক্লাব ছাড়তে যাওয়া ডিফেন্ডার ডেভিড আলাবাকে বদলি করার সময় তাকে গার্ড অব অনার দেন সতীর্থরা। দর্শকরাও করতালিতে বিদায় জানান অস্ট্রিয়ান এই ডিফেন্ডারকে। তার জায়গায় মাঠে নামেন ডিন হুইসেন। এর কিছুক্ষণ পর একই সম্মান পান দীর্ঘদিনের অধিনায়ক দানি কারভাহালও। ম্যাচের শেষ আট মিনিটের জন্য তাকে তুলে নেওয়া হলে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্মান জানান ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে। শৈশবের ক্লাব রিয়ালের হয়ে তিনি জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ম্যাচের শেষদিকে রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন ব্রাহিম দিয়াজ। বক্সের ভেতরে পাওয়া পাস থেকে গোল করলেও অফসাইডের সম্ভাবনায় ভিএআর পরীক্ষা করা হয়। পরে গোলের সিদ্ধান্ত বহাল থাকে। যোগ করা সময়ে বিলবাওয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন উরকো ইজেতা। তার হেড থেকেই ব্যবধান কিছুটা কমে। এই ম্যাচ দিয়েই শেষ হলো আর্নেস্তো ভালভার্দের অ্যাথলেটিক বিলবাও অধ্যায়ের সর্বশেষ পর্বও। তিন দফায় দায়িত্ব পালন করা এই কোচ বাস্ক ক্লাবটির হয়ে ৫০০টিরও বেশি ম্যাচে কোচিং করিয়েছেন। আইএইচএস/
Go to News Site