Jagonews24
প্রচণ্ড গরমে এখন অনেকের ঘরেই সারাক্ষণ চলছে এয়ার কন্ডিশনার বা এসি। বাইরে ঝড়-বৃষ্টি শুরু হলেও গরম কমছে না বললেই চলে। তাই অনেকে বৃষ্টির মধ্যেও এসি চাইল্যে রাখেন। এমনকি বজ্রপাতের সময়ও এসি চালু রাখেন। তবে বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে অসাবধানতা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। বজ্রপাতের সময় বিদ্যুতের লাইনে হঠাৎ অতিরিক্ত ভোল্টেজ তৈরি হতে পারে। সেই অতিরিক্ত চাপ সরাসরি এসির সার্কিটে পৌঁছে গেলে যন্ত্রের অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ইনভার্টার এসির মতো আধুনিক ডিভাইসে ইলেকট্রনিক বোর্ড নষ্ট হওয়ার ঝুঁকি বেশি। অনেকেই মনে করেন, শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করলেই নিরাপদ থাকা যায়। কিন্তু বাস্তবে তাতে পুরোপুরি সুরক্ষা মেলে না। কারণ বিদ্যুতের সংযোগ চালু থাকলে বজ্রপাতের প্রভাব সকেট বা লাইনের মাধ্যমে যন্ত্রে পৌঁছাতে পারে। তাই ঝড়-বৃষ্টির সময় এসি বন্ধ করার পাশাপাশি দেয়ালের সুইচ অফ করা এবং সম্ভব হলে প্লাগ খুলে রাখাই সবচেয়ে নিরাপদ উপায়। এছাড়া এসির আউটডোর ইউনিট যদি খোলা জায়গায় থাকে, তাহলে বৃষ্টির পানি বা অতিরিক্ত আর্দ্রতার কারণেও সমস্যা দেখা দিতে পারে। তাই ইউনিটটি শেডের নিচে বা নিরাপদ স্থানে বসানো ভালো। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় শুধু এসি নয়, টিভি, ওয়াই-ফাই রাউটার কিংবা ডেস্কটপ কম্পিউটারের মতো বৈদ্যুতিক যন্ত্রও সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত। সামান্য সচেতনতাই বড় দুর্ঘটনা বা ব্যয়বহুল ক্ষতি থেকে রক্ষা করতে পারে। আরও পড়ুনবাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবেগরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি কেএসকে
Go to News Site