Somoy TV
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র একদিনের ব্যবধানে আবারও একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।মাত্র পাঁচ বছর বয়সের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২৪ মে) দুপুরে অভিযুক্ত ব্যক্তি আনোয়ারকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ জনতা। পরে আহত অবস্থায় তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। জানা গেছে, আটককৃত আনোয়ারের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামে। তিনি পরিবার নিয়ে ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয়রা জানান, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত ধর্ষক আনোয়ারের পরিবার সদর উপজেলার ফতুল্লা থানাধিন পশ্চিম তল্লা এলাকায় জসিম মিয়ার বাড়িতে পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। শিশুটির বাবা-মা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার ২৩ মে) সকাল ৮ টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যান। বেলা ১১ টার দিকে মোবাইল ফোনে চার্জ দেয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করেন পাশের রুমের বাসিন্দা আনোয়ার। এ সময় শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আনোয়ারের বিরুদ্ধে। আরও পড়ুন: রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক রিপোর্টে যেসব তথ্য জানা গেল ভুক্তভোগি শিশুটির মা জানান, আনোয়ার ও তারা একই বাড়িতে পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। শনিবার সকালে শিশু সন্তানকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যান তারা। ঈদের কারণে বাড়ির পাশ্ববর্তী রুমের অধিকাংশ ভাড়াটিয়ারা গ্রামের বাড়িতে চলে যান। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিলো। সে সুযোগে আনোয়ার ঘরে প্রবেশ করে তাদের মেয়েক ধর্ষণ করেন। রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে আসার পর মেয়ে ধর্ষণের বিস্তারিত ঘটনা বাবা-মাকে জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে দুপুরে অভিযুক্ত আনোয়ারকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ এলাকাবাসি। পরে পুলিশকে জানানো হলে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ারকে আটক করে। এরপর নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সময় সংবাদকে বলেন, বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ আরও পড়ুন: ফরিদপুরে ৯ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এর আগে গত শুক্রবার (২২ মে) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ছয় বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে মনির হোসেন হিরো ও সোহেল নামে এলাকার দুই মাদকসেবী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হিরোকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগি শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে অপর আসামি সোহেলকে গ্রেফতার করে।
Go to News Site