Somoy TV
কয়েকদিনের অসহ্য ও দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। রোববার (২৪ মে) দুপুরের দিকে হঠাৎ করেই ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। এরসঙ্গে ঝড়ো বাতাসে প্রশান্তি ছড়াতে শুরু করে।পরে বিকেল ৪টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) রাজধানীর বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টি চলছে। সময় সংবাদের প্রতিনিধিরা জানান, রাজধানীর বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, কারওয়ানবাজার, মহাখালীসহ বেশকয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ঈদকে সামনে রেখে কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা কিছুটা ভোগান্তিতে পড়েন। সড়কে পণ্যের পসরা সাজিয়ে বসা ভাসমান দোকানিদেরও বৃষ্টি থেকে তাদের মালামাল রক্ষা করতে দেখা গেছে। তবে অসহ্য গরমের মধ্যে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তিও দেয় তাদের। বিশেষ করে নাড়ির টানে যারা ইতোমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই সব ঘরমুখো মানুষের যাতায়াতে তপ্ত গরমের ক্লান্তি দূর করে এক টুকরো প্রশান্তি এনে দিয়েছে এই বৃষ্টি। সাধারণ পথচারীদের অনেককেই ভিজতে ভিজতে গন্তব্যে যেতেও দেখা গেছে, তবে সবার চোখে-মুখেই ছিল স্বস্তির ছাপ। আরও পড়ুন: ঢাকাসহ ১৯ জেলায় বইছে তাপপ্রবাহ যদিও ঝুম বৃষ্টির কারণে সড়কের কিছু কিছু জায়গায় সাময়িক জলজট এবং ধীরগতির সৃষ্টি হয়েছে, তবুও গরমের পর শীতল হাওয়া আর বৃষ্টির ছোঁয়া গত কয়েকদিনে চরম অস্বস্তি থেকে নগরবাসীকে বড় ধরনের স্বস্তি দিলো। এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়ার আরও খবর এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
Go to News Site