Collector
বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা | Collector
বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা
Jagonews24

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন। রোববার (২৪ মে) বিকেলে এসব কার্ড ফেরত দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তার কার্যালয়ে চার হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে হস্তান্তর করেন। পরে সেই কার্ড বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্ড ফেরত দেওয়ার বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, ‌‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ড দেওয়ার পরই আমি উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলি। দলীয় কোনো নির্দেশনা না থাকায় আমরা কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে চলে আসি। স্থানীয় বিএনপির কেউ কোনো ভিজিএফ কার্ড নেয়নি।’ আরও পড়ুন: ভিজিএফের অর্ধেক কার্ড বিএনপি নেতাদের হাতে তুলে দিলেন চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘দলীয় নির্দেশনার বাইরে আমাদের কোনো এখতিয়ার নেই।’ এ বিষয়ে জানতে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে এগুলো বিতরণ করা হবে।’ হৃদয় আহম্মেদ/এসআর/এমএস

Go to News Site