Jagonews24
ঈদুল আজহা উপলক্ষে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অফিস শেষে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে বাড়ির পথে ছুটছেন মানুষ। এতে ধীরে ধীরে বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ। রোববার (২৪ মে) বিকেল থেকে পাটুরিয়া ঘাট এলাকার ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট এবং লঞ্চঘাট ঘুরে দেখা যায়, সকালের দিকে চাপ কম থাকলেও বিকেলের পর থেকে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এর মধ্যে মোটরসাইকেল ও সাধারণ যাত্রীর সংখ্যাই বেশি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ঈদযাত্রায় দুর্ভোগ এড়াতে ছোট-বড় মিলিয়ে মোট ১৭ ফেরি চালু রাখা হয়েছে। পাশাপাশি ৩২ লঞ্চ চলাচল করছে। ফরিদপুরগামী আশিক জাগো নিউজকে বলেন, পাটুরিয়া ঘাট পর্যন্ত নিরাপদে এসেছি, এখনো রাস্তায় জ্যাম বা ভোগান্তির শিকার হইনি। ঘাটে এসে দেখি কোনো জ্যাম নেই, ফেরি আছে। আশাকরি ভালো মতোই যেতে পারবো।’ কুষ্টিয়াগামী যাত্রী আওয়াল বলেন, ‘উত্তরা থেকে দুপুরে রওনা দিয়েছি। রাস্তায় তেমন যানজট নেই, ঘাটও ফাঁকা। আশা করছি নির্বিঘ্নে পৌঁছাতে পারবো।’ রাজবাড়ীগামী ইমরান হোসেন বলেন- ঈদুল আযহার ছুটি শুরু হবে আগামীকাল থেকে। এ জন্য অফিস শেষে আজ রওনা হয়েছি। কোনো সমস্যায় পড়তে হয়নি। বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন জানান, ‘সারা বছর এ রুটে ৯ থেকে ১০ ফেরি চলাচল করে। তবে ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে ১৭ ফেরি নিরবচ্ছিন্নভাবে চলাচল করছে।’ মো. সজল আলী/এএইচ/এমএস
Go to News Site