Somoy TV
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও ক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বড়বাড়ি গরুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝে।বিস্তীর্ণ এলাকাজুড়ে বসা হাটটিতে দেশি গরুর চাহিদাই সবচেয়ে বেশি। মাঝারি ও ছোট সাইজের গরুর দিকেই নজর বেশিরভাগ ক্রেতার। তবে হাটে উঠেছে বেশ কিছু নজরকাড়া বড় গরুও, যা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে পশু নিয়ে এই হাটে আসছেন খামারি ও ব্যাপারীরা। দীর্ঘদিনের পরম যত্নে লালন-পালন করা পশুর ন্যায্য দাম পাওয়ার আশায় বুক বেঁধেছেন তারা। আরও পড়ুন: চাহিদা কম বড় গরুর, ছোট আর মাঝারিতে ঝুঁকছে ক্রেতা পছন্দের গরুটি কিনতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা। তারা বলছেন, দাম অনেক বেশি। আর বিক্রেতারা বলছেন, এবার লস অনেক। তার পরেও সাধ্যের মধ্যে সেরা পশুটি বাড়ি নিয়ে যেতে চলছে তুমুল দর কষাকষি। ছবি: সময় সংবাদ শুধু স্থানীয় ক্রেতাই নন, যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় ঢাকা, চট্টগ্রামসহ দূর-দূরান্তের পাইকারদের অন্যতম প্রথম পছন্দ এই বড়বাড়ি হাট। বড় বড় ট্রাক নিয়ে পাইকারি দরে পশু কিনে নিয়ে যাচ্ছেন তারা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, জেলায় প্রত্যেকবারের মতো এবারও চাহিদার অধিক গবাদি পশু রয়েছে। এবারের ঈদকে ঘিরে জেলায় প্রস্তুত আছে ২ লাখ ৬ হাজার ৪৬২টি পশু। আর চাহিদা রয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৮৪ টি। বাকি ৫৩ হাজার ৫৮৫টি প্রাণী দেশের বিভন্ন জায়গায় কোরবানির জন্য বিক্রি করা হবে।
Go to News Site