Collector
কালকিনিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবক আটক | Collector
কালকিনিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবক আটক
Somoy TV

কালকিনিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবক আটক

মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে নুরমোহাম্মদ সরদার (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (২৪ মে) ফাঁসিয়াতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরমোহাম্মদ স্থানীয় সোহরাব সরদারের ছেলে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারে সাধারণত গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি হলেও, নুরমোহাম্মদ ও তার সহযোগীরা হঠাৎ তা ৬০০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেন। বাজারের স্বাভাবিক দামের চেয়ে কেজিপ্রতি ২০০ টাকা কম হওয়ায় স্থানীয় ক্রেতাদের মনে সন্দেহ জাগে। ​একপর্যায়ে উপস্থিত জনতা নুরমোহাম্মদের সহযোগীদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা স্বীকার করেন যে, জবাই করা গরুটি আসলে আগেই মারা গিয়েছিল। মরা গরুর মাংস বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেয়। ​খবর পেয়ে কালকিনি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নুরমোহাম্মদ সরদারকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার পরপরই তার সহযোগিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আরও পড়ুন: পাইকার-ক্রেতাদের হাঁকডাকে মুখরিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বড়বাড়ি গরুর হাট ​কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পর থেকে ফাঁসিয়াতলা বাজারের সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বাজারে নিয়মিত ভেজালবিরোধী অভিযান ও তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Go to News Site